অলিম্পিক দল মারুফুলের হাতে

সংগৃহীত ছবি
আবাহনীর কোচ মারুফুল হককে এবার দেওয়া হয়েছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দায়িত্ব। বিভিন্ন মেয়াদে কয়েকবার বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র দলের দায়িত্ব পালন করা এই কোচ মালদ্বীপ যাবেন বাংলাদেশ অলিম্পিক দল নিয়ে। সেখানে আগামী ১ থেকে ১০ জুন হবে চার জাতি ফুটবল টুর্নামেন্ট।
মারুফকে কোচ করার বিষয়টা নিশ্চিত করেছেন মালদ্বীপগামী দলের ম্যানেজার শাহীন হাসান। তার কথা অনুযায়ী, আগামী বুধবার নতুন কোচের সঙ্গে আলোচনায় বসবে টিম ম্যানেজমেন্ট। সেখানেই দল গঠন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
এই দেশি কোচের অধীনে সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ শিরোপা জিতেছিল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের। এরপর বাফুফে তাকে আর কোনো দায়িত্ব দেয়নি। সম্প্রতি বাফুফের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে মারুফুল হক অলিম্পিক দল সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ হতে আবেদন করেছিলেন। তার আগ্রহ দেখে বাফুফে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জুনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য তাকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ ছাড়া এই আসরে অংশ নেবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
দলকে প্রস্তুত করতে খুব বেশি সময় পাবেন না মারুফ। বর্তমানে তিনি আছেন আবাহনীর দায়িত্বে। ২৩ মে প্রিমিয়র লিগ শেষ হলে তার এক সপ্তাহ পরেই শুরু হবে মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট।



