ইসরায়েল
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একাট্টা দুই সাবেক প্রধানমন্ত্রী

নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে একাট্টা হচ্ছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী।
নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ রবিবার পৃথক বিবৃতিতে তাদের দল ‘বেনেট ২০২৬’ এবং ‘দেয়ার ইজ আ ফিউচার’ একীভূত করার ঘোষণা দেন।
তাদের এই জোটের লক্ষ্য বিভক্ত বিরোধী শিবিরকে একত্র করা, যাদের মধ্যে মতপার্থক্য থাকলেও নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থানই মূল মিল।
বেনেটের দপ্তর জানিয়েছে, নতুন দলের নাম হবে ‘টুগেদার’ এবং এর নেতৃত্ব দেবেন তিনি।
যৌথ টেলিভিশন বক্তব্যে বেনেট বললেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার বন্ধু ইয়াইর লাপিদের সঙ্গে আমরা দেশের জন্য নিচ্ছি সবচেয়ে জায়নবাদী ও দেশপ্রেমমূলক পদক্ষেপটি।’
লাপিদ বললেন, ‘বেনেট একজন ডানপন্থি রাজনীতিক, কিন্তু তিনি সৎ। আমাদের মধ্যে রয়েছে পারস্পরিক আস্থা।’
তিনি যোগ করেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বিভক্তি দূর করা, ঐক্য গড়ে তোলা এবং আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভের দিকে সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা।’
বেনেট জানান, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ঘটে যাওয়া ব্যর্থতাগুলো তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করবেন, যা প্রত্যাখ্যান করেছে বর্তমান নেতানিয়াহু সরকার।
লাপিদ ও বেনেট দুজনই ওই হামলার পর নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার সমালোচক ছিলেন। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন লাপিদ।
এর আগে ২০২১ সালের নির্বাচনে তারা একসঙ্গে জোট গড়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন, যদিও সেই সরকার টিকে ছিল মাত্র ১৮ মাস।
নেতানিয়াহু পরে ২০২২ সালের নভেম্বরে নির্বাচনে জিতে আবার ক্ষমতায় ফিরে আসেন। গঠন করেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকার।
তবে ২০২৩ সালের অক্টোবরে হামাস হামলা, পরবর্তী গাজা যুদ্ধসহ আঞ্চলিক সংঘাতে তার নিরাপত্তা নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, আগামী নির্বাচনে পরাজিত হতে পারেন তিনি।



