কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মো. মাহামুদুল হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম (৫৫) আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর সদরপুর বাজারে বসে ছিলেন শফিকুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শফিকুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শফিকুলের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পেটে লাগা গুলিটি তার রক্তনালীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মো. মাহামুদুল হাসান মজুমদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

