আগামীর সময়

জামালপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে হাতেনাতে ধরল এলাকাবাসী

জামালপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে হাতেনাতে ধরল এলাকাবাসী

সংগৃহীত ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইয়াবাসহ রাসেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। রবিবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


এরআগে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের ছত্তরহাজির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল মিয়া বোলাকীপাড়া পূর্বপাড়া এলাকার গোলাপ হোসেন গোল্লার ছেলে।


স্থানীয় সূত্র ও গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা জানান, স্থানীয় যুবসমাজ এলাকায় মাদকের বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাসেল মিয়া মাদক বিক্রির চেষ্টা করলে ওঁত পেতে থাকা যুবকেরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে একটি দোকানে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে থানায় নিয়ে যায়।


ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন।


‘রাসেল মিয়া নামে এক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। থানা এলাকা মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর’, বলছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী।


    শেয়ার করুন: