গাজীপুরে মাদ্রাসা ছাত্র ও অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার

ছবিঃ আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবক ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় পরিবারের সঙ্গেবাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো রনি। শুক্রবার রাত ৯ টার দিকে লোকজন তাকে এলাকায় দেখেন। এরপর সে বাসায় ফিরে যায়নি। শুক্রবার সকালে ভবানীপুর এলাকায় একটি হোটেলের পেছনে ঝোপের ভেতর রনির পোড়া লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে ও কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, সকালে শ্রীপুরের বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশে আগুনে পোড়া ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক রুহুল কাইয়ুম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুনে পোড়া মৃতদেহটি উদ্ধার করে । প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি এখানে এনে পুড়িয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। পরিচয় শনাক্ত করে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

