চুয়াডাঙ্গায় জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলামের মৃত্যু হয়। তিনি উপজেলার মুক্তারপুর গ্রামের মাওলা বাক্স ঢালীর ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার সকালে জাহিদুল ইসলাম ঢালী (২৯) ও বারিক ঢালী (৪২) নামে দুইজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে মুক্তারপুর মাঝপাড়া এলাকায় জমিজমা নিয়ে শহিদুল ইসলাম ঢালী ও তার চাচাতো ভাই বারিক ঢালীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী, শিল্পী খাতুন (৪০), আরবি খাতুন (৪৫) ও জাহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাহীন অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই শাহীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
‘ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে’ - বলে যোগ করেন তিনি।

