আগামীর সময়

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ছবিঃ আগামীর সময়

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডা‌দেশ দেওয়া হয়েছে।

ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, কারাদণ্ডা‌দেশপ্রাপ্ত জীবন নন্দ হালদার ওরফে সুমন হালদার বরিশাল মহানগর পুলিশের এয়ার‌পোর্ট থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি মোহাম্মদ নিজামুল হাসানকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ আগস্ট বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী (১৩) বরিশালে নগরী‌তে যায়। এ সময় পরিচয় হয় আসামি জীবন নন্দ হালদারের সঙ্গে। পরে কিশোরীকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার তুহিন বোর্ডিং নামের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন জীবন নন্দ। পরে কিশোরী হোটেল থেকে বেরিয়ে হয়ে কান্না শুরু করে। পরে স্থানীয়রা জীবনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ব‌রিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দুজনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দা‌য়ের করেন কিশোরীর মা কুলসুম বেগম।

২০১২ সালের ১৯ সেপ্টেম্বর থানার উপ প‌রিদর্শক নুরুল আলম তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ১৪ বছর পর রায় ঘোষণা করেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বেঞ্চ সহকারী।

    শেয়ার করুন: