আগামীর সময়

‘এই প্রথম একসঙ্গে চারটি কবর খুঁড়তে দেখলাম’

‘এই প্রথম একসঙ্গে চারটি কবর খুঁড়তে দেখলাম’

পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে একই পরিবারের চার সদস্যকে দাফন করতে। ছবিঃ আগামীর সময়

সবসময় শুনছি একসঙ্গে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। এবার চোখের সামনে দেখছি পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে এক পরিবারের ৪ জনকে দাফন করতে। এমন দৃশ্য আমাদের গ্রামে আগে কখনো দেখা যায়নি। কথাগুলো বলছিলেন মো. নূরু হোসেন নামে এক চা-দোকানি। তার দোকানের পাশের কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়া হয়েছে। সেখানে দাফন করা হবে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা ও ছোট ছেলে সাহেদ আশরাফকে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের (৫নং ওয়ার্ড) তিতারকান্দি গ্রামে গেলে কথাগুলো বলেন স্থানীয় চা-দোকানি নূরু হোসেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী স্টার লাইন বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ একই পরিবারের চার সদস্য নিহত হন। দুর্ঘটনার সময় ভাই-বোনের পাশে থাকা ১২ বছর বয়সী আবরার প্রাণে বেঁচে যায়। সে গাড়ির পেছনের বাম পাশের আসনে বসেছিল। চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে বাকরুদ্ধ আবরার।

আজ শুক্রবার জুমার নামাজের পর তিতারকান্দির গ্রামের বশা হাজী পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাদের।

মুফতি আব্দুল মমিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি। নোয়াখালী জেলার সেনগাব উপজেলায় মুফতি আব্দুল মমিনের বাড়ি হলেও তিনি বিয়ে পর থেকে ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে থাকতেন তিনি।


    শেয়ার করুন: