আগামীর সময়

পুলিশের হাতে ভুয়া এসআই আটক

পুলিশের হাতে ভুয়া এসআই আটক

ছবিঃ আগামীর সময়

টাঙ্গাইল মধুপুর থানায় পুলিশ পরিচয়ে তদবির করতে আসেন মো. মিজানুর রহমান নামে এক ব্যাক্তি। শেষ পর্যন্ত সেই ব্যক্তি ‘ভুয়া পুলিশ’ হিসেবে মধুপুর থানা পুলিশের হাতেই আটক হন।

মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামে। তার পিতার নাম গোলাম মোস্তফা।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। নিজেকে ৩৬তম ব্যাচের এসআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত বলে পরিচয় দেন।

এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন।

থানার এসআই সেলিম তালুকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।

একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।

পুলিশ জানায়, তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এই প্রতারণার চেষ্টা করেন।

এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানালেন ওসি।

    শেয়ার করুন: