আগামীর সময়

লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ

ছবিঃ আগামীর সময়

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রামের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক (১৯) নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী এবং আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার বিরোধ হয়। এর জের ধরে পরদিন মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্ব দেয় রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামে নেতৃত্বে ছিল মিতুল।

গোলাগুলির সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে চেইন দিয়ে মারধর করে আহত করা হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেছেন, ‘আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানিয়েছেন, গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত জানা নেই।

    শেয়ার করুন: