মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত ৮

ছবিঃ আগামীর সময়
মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানিয়েছে, স্থানীয় বাসিন্দা আ. মান্নান, আলাউদ্দিন ও সাগর হাওলাদার দীর্ঘদিন ধরে ৯০ বিঘার একটি চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এ ঘের নিয়ে জুলফিকার আলী মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও ওলি মল্লিকের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
রবিবার বিকালে ঘের সংলগ্ন একটি দোকানে বসে থাকাকালে জুলফিকার আলী মল্লিকের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মান্নান, মনির, সাগর, আলাউদ্দিন, আলমগীর, সালমা, সফিক ও সোহরাবসহ অন্তত ৮ জন আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মনিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা অভিযোগ করেন, ঘের দখলের উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় একটি দোকান ভাঙচুর ও প্রায় দেড় লাখ টাকা লুট করা হয়েছে বলেও তারা দাবি করেন।
মোংলা থানার এএসআই সুব্রত দেবনাথ জানিয়েছেন, ঘের নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মানিক চন্দ্র গাইন বলেছেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

