জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

"রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”- এই প্রতিপাদ্যে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) জামালপুর সদর উপজেলা চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরিষ্কার অভিযানপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজসেবক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাযযাদ আনসারী প্রমুখ। এ সময় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা পরিষদ চত্বর ও জামালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলছিলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিসপ্রধানদের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে। বাড়ি ঘর পপরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পপরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সবাইকে মনে রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
জেলা প্রশাসক মো. ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে উল্লেখ করেন, আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

