আগামীর সময়

ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

সংগৃহীত ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজপড়ুয়া মেয়ে ও তার ভাগনীর ছবি ও ভিডিও ধারণ করেন ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরে ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    শেয়ার করুন: