গাজীপুরে তালাকপ্রাপ্ত গৃহবধু হত্যার মূলহোতা কুড়িগ্রামে গ্রেপ্তার

ছবিঃ আগামীর সময়
গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত গৃহবধুকে হত্যার মূলহোতা মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সীর ছেলে।
র্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সকালে জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ির স্থানীয় আক্কাছ শিকদারের বসত বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর কর্মস্থলে যাওয়ার পথে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী ভুক্তভূগী রিশমা খাতুনকে (৩০) পূণরায় বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভুক্তভূগীর সহকর্মীরা চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। ভুক্তভূগীর সহকর্মী এবং আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভুক্তভূগী মারা যান। এ ঘটনায় ভুক্তভূগীর বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদ রানাকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ৪নং অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় মমর উদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

