আগামীর সময়

টাঙ্গাইলে ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষ

টাঙ্গাইলে ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষ

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদগাহ মাঠে সামিয়ানা (প্যান্ডেল) নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে নারান্দিয়া ইউনিয়নের কাজীপাড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া বেপারী সম্প্রদায়ের ঈদগাহ মাঠে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মাঠে ব্যবহৃত সামিয়ানার মান নিয়ে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অনেকে অভিযোগ করেন, সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনায় রেখে ভালো মানের সামিয়ানা দেওয়ার কথা থাকলেও নিম্নমানের সামিয়ানা ব্যবহার করা হয়েছে।

প্রথমে এ বিষয়ে কথা বলেন স্থানীয় ইয়াদ আলীর ছেলে। তার বক্তব্যের জবাব দেন আফাজ উদ্দিনের ছেলে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের আরও লোকজন এতে জড়িয়ে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরে উভয় পক্ষের লোকজন একে অপরকে পানিতে চুবাতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ইউপি সদস্য মো. ইব্রাহিম বলেছেন, ‘আমার ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটেছে। সামিয়ানা নিয়ে কিছু লোক অসন্তোষ প্রকাশ করলে অন্যরা এর জবাব দেয়, সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

তিনি আরও জানিয়েছেন, ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি সমাধানে সাবেক চেয়ারম্যান মোহর আলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী সোমবার দুই পক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

    শেয়ার করুন: