বরিশাল
‘বিয়েতে রাজি না হওয়ায়’ তরুণীর ভিডিও ধারণ, গ্রেপ্তার প্রেমিক

সংগৃহীত ছবি
বরিশালে তরুণীর ভিডিও ধারণের অভিযোগে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে বরগুনা জেলার পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রেমিক হৃদয় মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়েছে, ধারণ করা ব্যক্তিগত ভিডিও প্রকাশ করার হুমকি দেয়া হয়েছে ওই তরুণীকে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলছিলেন, বরিশাল নগরীর এক কলেজ শিক্ষার্থী হৃদয়ের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই হৃদয়কে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় মন্ডল (২৬) বানারিপাড়া উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুতের কর্মচারী রিপন মন্ডলের ছেলে।
প্রেমিক হৃদয় মন্ডল বলছিলেন, তার সঙ্গে চার বছর যাবত প্রেম চলছে ওই তরুণীর। গত বছর বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজে ভর্তি হওয়ার পর একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন ঐ মেয়ে। তাই তাকে ছেড়ে যেন অন্য কোনো ছেলেকে বিয়ে না করতে পারে সেজন্য প্রেমিকার ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করে রাখে হৃদয়।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হৃদয় মন্ডল ও তার প্রেমিকা কলেজ ছাত্রী একই গ্রামের বাসিন্দা। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে হৃদয় বিবাহের কথা বললে তাতে রাজি হয়নি প্রেমিকা। এরপর হৃদয় তাকে মারধর ও ভিডিও ধারণ করে বিয়ের কথা বলে চলে যায়। এরপর শুক্রবার কোতোয়ালি মডেল থানায় হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঐ ভুক্তভোগী।

