ঈদের ছুটি শেষে কাজে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৯

ছবিঃ আগামীর সময়
রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এতে অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন।
আহত যাত্রীদের বেশিরভাগ পোশাক শ্রমিক। ঈদের ছুটি শেষে সকলেই কর্মস্থলে ফিরছিলেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যান চালক। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যাত্রীদের মতে, বাসটি রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন নানিয়ারচরের কিছু কর্মজীবী মানুষ। তাদের বেশিরভাগই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত ।
‘বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী বাসটি সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়,’ বর্ণনা করছিলেন বাসযাত্রী রাহুল চাকমা।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত ও বাকি যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলে আশ্বস্ত করলেন চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
ভুক্তভোগীদের উদ্ধার করতে আসে স্থানীয় ফায়ার সার্ভিস। ৯৯৯ কল পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের রাঙামাটি হাসপাতালে পাঠায়। এ তথ্য জানালেন কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের কমান্ডার লিডার মো. আব্দুল মান্নান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানালেন, ১৯ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়, এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

