আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আইইউবিএটির ক্যাম্পাসে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা স্বাগত বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন অবসরপ্রাপ্তসহ অন্যান্য শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
এ বছর ১৭৬ জন গবেষককে ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও স্কোপাস বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বুক এবং ২৭টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষকদের আরও উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউট আর্থিক সম্মাননাও প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়টি গবেষণার গুণগত মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এ ধরনের আয়োজন গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।



