আগামীর সময়

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে হামিমের উদ্যোগ

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে হামিমের উদ্যোগ

সংগৃহীত ছবি

ঈদ মানেই খুশি আর আনন্দ। পরিবার-পরিজনের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। তবে ব্যতিক্রমও রয়েছে—বিভিন্ন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনেক আবাসিক শিক্ষার্থী এবারও হলে অবস্থান করছেন।

কারও সামনে ফাইনাল বা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কেউ প্রস্তুতি নিচ্ছেন বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। আবার কেউ পড়াশোনা শেষ করেও চাকরি না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি যাওয়ার আগ্রহ হারিয়েছেন। এমন নানা বাস্তবতায় অনেক শিক্ষার্থীকেই ঈদের সময় কাটাতে হচ্ছে ক্যাম্পাসে।

এই শিক্ষার্থীদের ঈদের আনন্দে সামিল করতে উদ্যোগ নিয়েছেন ঢাবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। তার উদ্যোগে, আগের বছরের মতো এবারও ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।

জানা গেছে, হামিমের প্রতিষ্ঠিত সংগঠন ‘কমল মেডিএইড, ঢাবি’ ঈদের দিন রাতে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করবে। যারা এই খাবার গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য আগাম নিবন্ধনেরও আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে তানভীর বারী হামিম বলেছেন, ‘পড়াশোনাসহ নানা কারণে অনেক শিক্ষার্থী ঈদে বাড়ি যেতে পারে না। পবিত্র এই দিনে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যে আলাদা তৃপ্তি আছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে প্রতিটি ঈদেই আমরা হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছি।’

তিনি আরও জানিয়েছেন, যারা হলে থাকবেন তাদের জন্য ঈদের রাতে ভালো খাবারের ব্যবস্থা করা হবে, যাতে তারা অন্তত এই দিনে কিছুটা আনন্দ অনুভব করতে পারেন।

‘কমল মেডিএইড, ঢাবি’ সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ নানা শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ।

    শেয়ার করুন: