৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

ছবি : এআই
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রবিবার থেকে পুনরায় খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফের শ্রেণিকক্ষে ফিরছে, শুরু হচ্ছে নিয়মিত একাডেমিক কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজসহ অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই দিন থেকে পাঠদান শুরু হবে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া স্কুল-কলেজের নির্ধারিত ছুটি শেষ হয় ২৬ মার্চ। তবে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম শুরু হচ্ছে রবিবার থেকে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। সেটিও শেষ হচ্ছে ২৮ মার্চ। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ফিরছে প্রাণচাঞ্চল্য।
এদিকে পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। অর্থাৎ আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস।
শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, নিয়মিত ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা দ্রুতই পড়াশোনার ধারায় ফিরে আসবে।

