এআই ভিডিও দিয়ে সেনাপ্রধান গ্রেফতারের ভুয়া দাবি প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, ‘শেষ রক্ষা হলো না সেনাপ্রধানের এইমাত্র আটক খুনি ওয়াকার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিন্ন ভিন্ন ঘটনার অপ্রাসঙ্গিক ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি যুক্ত করে এ দাবি প্রচার করা হয়েছে।
বিষয়টি যাচাই করতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটিতে বিভিন্ন অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করা হয়েছে। তবে সেখানে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি। এ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ার কথা থাকলেও নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ফেসবুক পেজে গত ১২ মার্চ প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, ওই দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সেনাবাহিনীর ‘ইফতার-২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
এছাড়া প্রচারিত ভিডিওতে সেনাপ্রধানকে গ্রেফতারের যে ছবিটি দেখানো হয়েছে তা পর্যবেক্ষণে ব্যক্তিদের মুখাবয়ব ও আশপাশের পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর GLFF (2024) মডেলের মাধ্যমে ছবিটি পরীক্ষা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতার হয়েছেন- এমন দাবি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

