ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রচার

ছবিঃ আগামীর সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। দাবিতে বলা হয়, বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের কোনো কমিটি এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, দলটির মিডিয়া সেল, ছাত্রদলের অফিসিয়াল প্ল্যাটফর্ম কিংবা সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো ঘোষণা নেই।
বিষয়টি নিশ্চিত করতে ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সঠিক নয়। তিনি বলেন, “ছাত্রদলের কমিটি ঘোষণা করেন দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, যা বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে প্রচারিত সব তথ্যই মিথ্যা।
একই বিষয়ে আবিদুল ইসলাম খানও জানান, তাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার দাবিটি সঠিক নয় এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ছাত্রদলের রাকিব-নাছির কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হওয়ার পর নতুন কমিটি নিয়ে আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সুতরাং, আমানউল্লাহ আমানকে সভাপতি ও আবিদুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে- এ দাবি সম্পূর্ণ ভুয়া।

