সংসদ অধিবেশনে শেখ হাসিনার ছবি হাতে নেননি তারেক রহমান

ছবিঃ আগামীর সময়
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ছবি হাতে দাঁড়িয়ে আছেন- এমন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। যাচাই করে দেখা যায়, অধিবেশনে তারেক রহমান শেখ হাসিনার কোনো ছবি হাতে নেননি বা প্রদর্শন করেননি। তিনি মূলত তার স্বাগত বক্তব্যের জন্য একটি স্ক্রিপ্ট হাতে রেখেছিলেন।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি, যেখানে তাকে শেখ হাসিনার ছবি হাতে দেখা যায়।
এছাড়া, দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে ১২ মার্চ প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সংক্রান্ত একটি পোস্টে থাকা ছবির সঙ্গে ভাইরাল ছবিটির ব্যাকগ্রাউন্ড, অবস্থান ও পোশাকের মিল পাওয়া যায়। মূল ছবিতে তারেক রহমানের হাতে একটি স্ক্রিপ্ট ছিল, যা ডিজিটালভাবে সম্পাদনা করে সেখানে শেখ হাসিনার ছবি বসানো হয়েছে।
অর্থাৎ, প্রযুক্তির সহায়তায় মূল ছবিটি বিকৃত করে বিভ্রান্তিকর এই ছবি তৈরি করা হয়েছে।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান শেখ হাসিনার ছবি হাতে দাঁড়িয়ে আছেন-এমন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত ও বিভ্রান্তিকর।

