দিনভর মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় ভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর মানুষের পদচারণায় মুখর ছিল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে সর্বস্তরের মানুষের ঢল নামে সেখানে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরেও প্রখর রোদ উপেক্ষা করে অসংখ্য মানুষকে মিনারের বেদিতে ফুল অর্পণ করতে দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে শহিদ মিনারে আসেন। শিশুদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস। নতুন প্রজন্মকে মহান ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে অভিভাবকদের সচেতন উপস্থিতি চোখে পড়ে।
প্রাঙ্গণে দর্শনার্থীদের ছবি তোলা, ঘুরে দেখা এবং শ্রদ্ধা নিবেদনের দৃশ্য ছিল সার্বক্ষণিক। একই সঙ্গে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি দেখা গেছে। শহীদ মিনারের পেছনে শাহ সুফি নবী বক্স ওরফে তেল শাহ বাবার (রহ.) মাজার শরিফ এলাকায় গাছের ছায়ায় দায়িত্ব পালনরত সদস্যদের বিশ্রাম নিতে দেখা যায়।
এদিকে দর্শনার্থীদের সুবিধার্থে প্রাঙ্গনে অস্থায়ী দোকান বসানো হয়েছে এবং শহিদ মিনার সংলগ্ন সড়কগুলোও চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

