আগামীর সময়

সরকারের সিদ্ধান্ত

এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ছে না

এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ছে না

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়লেও দেশের ভেতরে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী এপ্রিলেও আগের নির্ধারিত দামেই বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা ও কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকাই বহাল থাকছে।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও এই দামেই জ্বালানি তেল বিক্রি হয়েছে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় প্রতি লিটারে ২ টাকা করে দাম কমানো হয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এর আমদানিমূল্য প্রায় ২০০ টাকা। দাম না বাড়ানোয় শুধুমাত্র ডিজেল খাতেই সরকারকে এক মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি গুনতে হবে।

গতকাল জাতীয় সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) জানান, গত এক মাসে বিশ্ববাজারে ডিজেলের দাম ৯৮ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ হচ্ছে ১৯৮ টাকা।

অন্যদিকে ১২০ টাকায় অকটেন বিক্রি করা হলেও সরকারের প্রকৃত খরচ হচ্ছে ১৫০ টাকা ৭২ পয়সা।

বর্তমানে নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারিত হলেও উরোজাহাজের জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    শেয়ার করুন: