আগামীর সময়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে

পিএমও অফিস

নয়াপল্টনের সেই পরিচিত রাজপথ আজ যেন এক ভিন্ন সাজে সেজেছিল। আগে থেকেই প্রস্তুত ছিল মঞ্চ, আর বাতাসে উৎসবের আমেজ। প্রিয় নেতার আগমনের প্রতীক্ষায় ছিল নেতাকর্মীরা।

অপেক্ষার অবসান ঘটিয়ে দলীয় কার্যালয়ে এসে সেই সাজানো মঞ্চ আলোকিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তার গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর আগমনের মুহূর্তেই জনসমুদ্রের উত্তাল ঢেউ আর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দলীয় কার্যালয়ে এটিই ছিল তার প্রথম পদার্পণ। এ সময় দলের উপদেষ্টা, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে এদিন দুপুর থেকে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।

    শেয়ার করুন: