আরও এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান।
এদিন শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানি করেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও ইতিহাস বিকৃতি প্রতিহত করার লক্ষ্যে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির উদ্দেশ্য ছিল জাতির অর্জনকে মুছে ফেলার সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া।
এরই অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়, যা সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়। এ সময় একদল ব্যক্তি হট্টগোল ও স্লোগান দিতে দিতে সভাস্থলে ঢুকে পড়ে এবং একপর্যায়ে অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেয়।
অভিযোগে আরও বলা হয়, তারা অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করে, গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অনেক অতিথিকে বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ রাখা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক আমিরুল ইসলাম মামলা দায়ের করেন।
সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় শওকত মাহমুদকে গত ৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

