আগামীর সময়

প্রথমবার শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

প্রথমবার শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা।

এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হুসেইনসহ অন্যরা।

শহীদ মিনারের বেদীতে ফুল দিয়েই বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান মোনাজাত শুরু করেন। অন্য বছর এই দিনে ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনার মত আয়োজন থাকলেও জামায়াত আমিরকে কখনো শহীদ মিনারে দেখা যায়নি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে তাই আমি এসেছি।

শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াত এখনো ‘নাজায়েজ’ মনে করে কি না— এমন প্রশ্নের জবাব দেননি জামায়াত আমির। কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন। এইরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো।

    শেয়ার করুন: