আগামীর সময়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে আলাপ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পাওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ইসহাক।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়— উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পাশাপাশি বিভিন্ন খাত এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তারা আলোচনা করেন।

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের কল্যাণে একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তুলতেও সম্মত হন দুই মন্ত্রী।

এর আগে এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর সরকার গঠন করে বিএনপি। এতে এমপি না হয়েও বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করে বিএনপি সরকার।

    শেয়ার করুন: