আগামীর সময়

ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ

ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ফোনালাপে তারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এ ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

জানা যায়, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন।

ফোনালাপে উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে একযোগে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

    শেয়ার করুন: