আগামীর সময়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আবদুল্লাহ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক সাইয়েদ আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থানবিষয়ক) পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ ‘এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে’ বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ২০২৪ সালের ঈদুল আজহার আগে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মতিউর রহমানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় আসেন সাইয়েদ আবদুল্লাহ।

ওই সময় এনবিআর কর্মকর্তা মতিউর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ‘মুশফিকুর তার ছেলে নন।’ কিন্তু সাইয়েদ আবদুল্লাহর অনুসন্ধান ও গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে মুশফিকুর এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এরপর মতিউর পরিবারের বিপুল সম্পদের তথ্য উঠে আসে গণমাধ্যমে।

পরে মতিউর রহমানকে এনবিআরের পদ থেকে সরিয়ে দিয়েছিল সরকার। একই সময়ে মতিউর এবং তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

    শেয়ার করুন: