আগামীর সময়

শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল

শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট পরিস্থিতির ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) এসব ফ্লাইট বাতিল করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

    শেয়ার করুন: