সকালের ভোটচিত্রে সন্তুষ্ট জামায়াত

সংগৃহীত ছবি
ভোটের সকাল দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। ভোট গ্রহণের পুরোটা সময় এই পরিবেশ থাকবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট শুরুর পর দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকের সামনে আসেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
জোবায়ের বলেন, সকালটা আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ। সন্ধ্যাটা যেন আরও সুন্দর হয়। পরে আরেকটা নতুন ডায়মেনশনে যাব, গণনা আরম্ভ হবে। সময় পাস হবে। আমরা দেখতে পাব। আমরা জাতিকে নিয়ে জনগণকে নিয়ে গভীর পর্যবেক্ষণে রেখেছি।
সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানালেও ভোলা-২, কুমিল্লা-৮ ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াত সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন জোবায়ের। তিনি আরও বলেন, ভোলায় গতকালও আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের এজেন্টদের ওপর হামলা হয়েছে। কাগজপত্র রেডি করার সময় তাদের কাজ করতে দেওয়া হয়নি। আজও ভোলা-২ আসনে সংঘাত হচ্ছে। কিছু সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মকভাবে তাণ্ডব করছে। প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি কার্যকর সহযোগিতা করছে না, এই অভিযোগ আছে। কুমিল্লা-৮ ও হাতিয়াতেও একই ধরনের সমস্যা রয়েছে।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও প্রশাসনের গুরুত্ব তুলে ধরে জামায়াতের মুখপাত্র বলেন, তারা জাতির কাছে কমিটেড। প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন, তারা জাতিকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে চান, যেটা ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমধর্মী নির্বাচন হবে। আমরা আশা করছি, তারা তাদের কথা রাখবেন এবং সেটার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।’
কিছু সংবাদমাধ্যমের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমরা আশ্চর্য হয়ে লক্ষ করেছি কিছু কিছু মিডিয়া খুবই হতাশাব্যঞ্জক রিপোর্ট করেছে। যে মিডিয়াগুলো চব্বিশের (জুলাই অভ্যুত্থান) পরিবর্তনে ভালো ভূমিকা রেখেছেন। কিন্তু কিছু মিডিয়ার ভূমিকা হতাশাব্যঞ্জক ছিল বলে আমি মনে করি। আমরা আশা করব মিডিয়া তার নিরপেক্ষতা, জবাবদিহি ও স্বচ্ছতার জায়গায় অটল থাকবে।

