আগামীর সময়

জামায়াত আমির

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি লজ্জার, এটি মানবতাবিরোধী অপরাধ

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি লজ্জার, এটি মানবতাবিরোধী অপরাধ

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারির তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান । তিনি বলেছেন, এই ঘটনা জাতি হিসেবে তাদের লজ্জিত করেছে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ঈদ খুশির বার্তা নিয়ে আসে। কিন্তু বাড়ি ফেরা মানুষের জন্য এই যাত্রা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অতীতেও ঈদযাত্রায় নানা সমস্যা থাকলেও এবার তা আরও মাত্রা ছাড়িয়েছে। পরিবর্তিত বাংলাদেশে এমনটি হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ করে ভাড়া কেলেঙ্কারি ও এ বিষয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের পরস্পরবিরোধী বক্তব্যকে লজ্জাজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এতে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কিনা।’

স্বল্প আয়ের মানুষদের কষ্টের চিত্র তুলে ধরে তিনি বলেন, যারা সারা বছর সামান্য টাকা জমিয়ে ঈদে বাড়ি যান, তাদের সে টাকাই যদি ভাড়ায় চলে যায়, তাহলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এটাকে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেন।

সরকারের ভূমিকা সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা। তারা করতে পারেননি, বরং ব্যর্থ হয়েছেন।’

সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, আজকের এই ঈদ জুলাই পরিবর্তনের পর দ্বিতীয় ঈদুল ফিতর। শহীদ, আহত ও জুলাইযোদ্ধা এবং বাংলাদেশের মুক্তিকামী সকল মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। শেষে দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এই নেতা।

    শেয়ার করুন: