আগামীর সময়

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। একইসঙ্গে দীর্ঘ ৩৫ বছর পর দেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী।


কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিল বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন পৃথক জোট। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দুইশর বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সেটা হলে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেটা অনেকটাই নিশ্চিত।

ইতিহাস বলছে, দেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। সেনাসমর্থিত হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সময় ১৯৮৯ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে ১৯৯০ এর গণঅভ্যুত্থানের মুখে এরশাদের পদত্যাগের পর তিনি ভারতে চলে যান।

এরপর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়ার। এর পরের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তারপর থেকে দীর্ঘ সময় এই দুই নারী নেত্রীকে ঘিরেই দেশের ক্ষমতা আবর্তিত হয়।

২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্যদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ২০২৫ সালে ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। ফলে কার্যত শেষ হয় 'দুই নারী নেত্রীর' যুগ।

    শেয়ার করুন: