এজাজ কাণ্ডে আসিফের দায় এড়ানো সম্ভব কি—জুলকারনাইন সায়েরের প্রশ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির
অভিযোগ উঠার পর তাকে সরিয়ে দিয়েছে সরকার।
গত বছর তাকে নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় মোহাম্মদ এজাজকে সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব ও মন্তব্যের ঘরে ঝড় উঠেছে। তবে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।
গতকাল সোমবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যদি এই অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তা খতিয়ে দেখা উচিত।’
‘পাশাপাশি এটাও জানা জরুরি যে, গতবছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এর নেতা মোহাম্মদ এজাজকে কেন বা কী কারণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদের জন্যে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি লিখেছিলেন (সংযুক্ত চিঠিটি দেখুন)?’
তিনি বলেন, ‘এক বছরের কম সময়ের মধ্যে আসিফের সরাসরি সুপারিশে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, দেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এজাজের এসব অপকর্মের বিষয়ে তদন্তে নেমেছে। শুধু তাই নয়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে আদালত।
’
‘আরো জানতে ইচ্ছুক যে, ঠিক কী কারণে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া? এজাজকে সে কিভাবে চিনতো? আপনি নিশ্চই যাকে-তাকে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানোর জন্যে সুপারিশ করে চিঠি লিখবেন না? এজাজের এ সকল অপকর্মের দায় কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোনোভাবে এড়াতে পারবেন?’
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে 46.00.0000.000.070.18.006.24-97 প্রজ্ঞাপনমূলে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ-এর উক্ত নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. শেষ হবে। সে পরিপ্রেক্ষিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে 46.00.0000.000.070.18.006.24-১২০ প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এজাজের নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুরাইয়া আক্তার জাহান দায়িত্বভার গ্রহণ করবেন

