রিয়াল মাদ্রিদে ফিরতে ‘শতভাগ প্রস্তুত’ মরিনহো

হোসে মরিনহো সত্যিই কি রিয়াল মাদ্রিদে ফিরতে যাচ্ছেন?
হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন ক্রমেই বেড়ে চলছে। সব ঠিক থাকলে আবারও স্প্যানিশ জায়ান্টদের ডাগ-আউটে দেখা যেতে পারে ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচকে। স্কাই স্পোর্টস ও প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের প্রতিবেদন অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে মরিনহো এখন ‘শতভাগ প্রস্তুত’।
প্রতিবেদনে বলা হয়েছে, মরিনহোর এজেন্ট হোর্হে মেন্দেস এবং রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মধ্যে কয়েক দিন ধরে সরাসরি আলোচনা চলছে। চুক্তির মেয়াদ কিংবা ব্যক্তিগত শর্তাবলি নিয়ে দুই পক্ষের মধ্যে বড় কোনো মতভেদ নেই বললেই চলে। পেরেজ যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে মরিনহোর ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র।
অ্যাতলেটিকোর নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অরনস্টিন জানিয়েছেন, পেরেজ ব্যক্তিগতভাবে মরিনহোকে ফিরিয়ে আনতে আগ্রহী হলেও ক্লাব কর্তৃপক্ষের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। রিয়ালের নীতিনির্ধারকদের একটি অংশ মরিনহোর ফেরার বিপক্ষে মত দিয়েছে। তবে চূড়ান্ত ক্ষমতা পেরেজের হাতে থাকায় মরিনহোর পাল্লাই ভারী বলে মনে করা হচ্ছে।
রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম শোনা গেলেও প্লেটেনবার্গের মতে, এখন পর্যন্ত ক্লপকে নিয়ে আলোচনার কোনো অগ্রগতি হয়নি। রিয়াল ম্যানেজমেন্টের পুরো মনোযোগ এখন মরিনহোর দিকেই। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন মরিনহো। তার অধীনে দলটি লা লিগা এবং কোপা দেল রের শিরোপা জিতেছিল। দীর্ঘ ১৩ বছর পর আবারও পুরনো ঠিকানায় ফিরতে মরিনহো কতটা মুখিয়ে আছেন, সেটিই এখন দেখার বিষয়।




