আইরিনের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের মূলপর্ব নিশ্চিত হয়েছিল আগেই। বাছাইপর্বের সেমিফাইনালে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী হকি দল। আইরিন আক্তারের দারুণ এক হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ দল।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইয়ের প্রথম সেমিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর। ম্যাচের অষ্টম মিনিটে আইরিনের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে চিয়া চেরিলের পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরে সিঙ্গাপুর।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের তখন ৪ মিনিট বাকি। আইরিনের দারুণ এক গোলে লিড ফিরে পায় বাংলাদেশ। সিঙ্গাপুর ভিডিও রেফারেল নিলেও টিকে যায় গোল।
ম্যাচের ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আইরিন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার উল্লাসে মাতে বাংলাদেশ দল।



