আগামীর সময়

ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত

ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত

সংগৃহীত ছবি


ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার আলাগোয়াস রাজ্যের গ্রামীণ অভ্যন্তরীণ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ার সময় কিছু যাত্রী ছিটকে পড়েন, আর অন্যরা বাসের নিচে চাপা পড়েন।

আলাগোয়াসের আঞ্চলিক সরকার বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন এবং এটিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করা হয়েছে।

ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই উৎসবটি প্রতিবছর ২ ফেব্রুয়ারি সেয়ারা রাজ্যে হয়। এই অনুষ্ঠানে হাজারো ভক্ত অংশ নেন।

আলাগোয়াস এভিয়েশন বিভাগের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। এই এভিয়েশন বিভাগ উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

তিনি আরও বলেন, কিছু মানুষ গাড়িটির নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল একটি অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা। এমনকি অস্বাভাবিকও বলা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস পড়ে আছে এবং আহত যাত্রীরা পাশে বসে সাহায্যের অপেক্ষা করছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একটি শিশুও রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই গভীর বেদনার সময়ে আমি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এ ঘটনার জন্য রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন।

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে ১০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হন।

এছাড়াও ২০২৪ সালেই একটি ফুটবল দল বহনকারী বাস দুর্ঘটনায় পড়ে উল্টে গেলে তিনজন নিহত হন।

সূত্র: আলজাজিরা

    শেয়ার করুন: