যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত

সংগৃহীত ছবি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে। গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
এ ছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, যেসব আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা ব্যক্তি ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিংবা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের কর্মীদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের হয় ইরানের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইরান মনে করছে, সামরিক যুদ্ধের পাশাপাশি একটি পরিকল্পিত প্রচারযুদ্ধ তাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে, যা বন্ধ করা এই চুক্তির অন্যতম শর্ত হওয়া উচিত।
এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে।

