ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি
ইরানে গত জানুয়ারির সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা’র দায়ে মঙ্গলবার তেহরানের একটি বিপ্লবী আদালত এই রায় ঘোষণা করেন।
রায় কার্যকর হলে জানুয়ারির গণবিক্ষোভ-সংক্রান্ত ঘটনায় এটিই হবে প্রথম মৃত্যুদণ্ডের নজির বলে জানিয়েছেন অভিযুক্তের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে সূত্রটি জানায়, ইরানের বিচার বিভাগ এখনো মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে দেওয়া এই রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি এবং দেশটির সুপ্রিম কোর্টও তা অনুমোদন দেয়নি।
সূত্রের ভাষ্য অনুযায়ী, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে তার পরিবার অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক রক্তক্ষয়ী অভিযান চালিয়েছে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত জানুয়ারির এই আন্দোলনকে ইরানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সহিংস অধ্যায় হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।
পরিবার-ঘনিষ্ঠ ওই সূত্র আরো জানায়, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আব্বাসির মেয়ে ফাতেমেহ আব্বাসিকেও ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা নিজেদের পছন্দমতো আইনজীবী নিয়োগের সুযোগ পাননি; তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নির্ধারণ করা হয়েছে।

