আগামীর সময়

২০ বার বেঁচে যাওয়ার পর কাশ্মীরে মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি নিহত

২০ বার বেঁচে যাওয়ার পর কাশ্মীরে মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি নিহত

সংগৃহীত ছবি

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে রবিবার জইশ-ই-মোহাম্মদের এক মোস্ট ওয়ান্টেড জঙ্গিসহ তিন জঙ্গি নিহত হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, জইশ জঙ্গি সাইফুল্লাহ গত দুই বছর ধরে এ অঞ্চলে পলাতক ছিল এবং অন্তত ২০ বার অভিযান এড়িয়ে যায়।

নিরাপত্তা বাহিনী জঙ্গিদের চলাচল সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে। বাহিনী হামলার প্রস্তুতি নিতে এগোতেই জঙ্গিরা গুলি চালায় এবং সেখান থেকেই বন্দুকযুদ্ধ শুরু হয় বলে সূত্রগুলো জানায়।

জঙ্গিরা একটি পাহাড়ি ঢালে অবস্থিত কাঁচা ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল।

সূত্র মতে, নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। অভিযানে রাজ্য পুলিশ, সিআরপিএফ ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন।

ঘটনাস্থল থেকে দুটি অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই এলাকায় সম্প্রতি জইশের আরেক গুরুত্বপূর্ণ জঙ্গি আদিল নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।

গত মাসে চাত্রু বনাঞ্চলে প্রায় অর্ধডজন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, জানুয়ারিতে শুরু হওয়া অপারেশন ত্রাশি-১ কিশ্তওয়ারের দুর্গম বন ও পাহাড়ি অঞ্চল কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, যেখানে একাধিক তল্লাশি ও অভিযানে জোর দেওয়া হয়েছে।

    শেয়ার করুন: