কিউবায় বিদ্যুৎ সংকট, ব্লাকআউটে জনমনে অসন্তোষ

সংগৃহীত ছবি
কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ায় দেশজুড়ে এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় ব্ল্যাকআউট।
সরকারি হিসাবে, পুরো জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় ‘সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ তৈরি হয়েছে, যদিও দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই মাসেই এটি তৃতীয় বড় বিদ্যুৎ বিপর্যয়। মূল কারণ হিসেবে দেখা হচ্ছে পুরনো ও ভঙ্গুর বিদ্যুৎ অবকাঠামো এবং তীব্র জ্বালানি সংকট।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত জ্বালানি অবরোধের কারণে বিদেশি তেল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা কঠিন হয়ে পড়েছে।
এই সংকটের ফলে দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে—ব্যবসা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং খাদ্য সংরক্ষণ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিস্থিতি এতটাই গুরুতর যে রাজধানী হাভানাসহ বিভিন্ন শহরে মানুষ অন্ধকারে টর্চ ও মোবাইলের আলো ব্যবহার করে চলাচল করছে।
একই সঙ্গে বিদ্যুৎ সংকটকে ঘিরে জনঅসন্তোষও বাড়ছে। সাম্প্রতিক ব্ল্যাকআউটের পর কিছু এলাকায় বিক্ষোভ দেখা গেছে, যেখানে মানুষ হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ করেছে এবং কিছু স্থানে সরকারি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে।

