ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প

সংগৃহীত ছবি
ভারতের ওপর আরোপিত শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে তেল আমদানির সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই শুল্ক ছাড় দেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তাঁর অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করবে।
ট্রাম্প আরো জানান, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক ছাড়াও রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের সব আমদানির ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের টুইটারে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগছে। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে—এতে আমি অত্যন্ত আনন্দিত।’

