জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকরা।
শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার বকশিগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকরা। পরে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে প্রতিবাদ জানায়।
এতে প্রায় ১৮ থেকে ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.মঞ্জুরুল হক বলছিলেন, গতকাল রাত থেকে পাম্পে তেল না থাকায় কিছুটা জটলা লেগে যায়। পরে আজ সকালেও তেমনটাই দেখা যায়। এ সময় বাইকাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে সড়িয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

