সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’
‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে– ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’ - যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

