সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

ছবি: আগামীর সময়
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বদরতলা থেকে ব্যাংদহা পর্যন্ত বিস্তৃত সড়কটি বর্তমানে প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে। পিচঢালা এই সড়কের দুই পাশে বিশাল জলরাশির মাছের ঘের এবং সারিবদ্ধ বাবলা গাছের ছায়াঘেরা পরিবেশ তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিদিন সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এই সড়কের নির্মল সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন। বিশেষ করে বিকেলের সোনালি আলো যখন ঘেরের পানিতে প্রতিফলিত হয় তখন পুরো এলাকাজুড়ে এক দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই এলাকার ছবি ছড়িয়ে পড়ার পর থেকে পর্যটকদের আনাগোনা আরও বেড়েছে।
সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকা থেকে ঘুরতে আসা মাসুদ আলম জানান, শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এই সড়ক এখন তার অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে।
দর্শনার্থী কবির হোসেনের ভাষ্য, বিকেলের সময় বাবলা গাছের ছায়া আর ঘেরের ওপর দিয়ে বয়ে আসা বাতাস মনকে প্রশান্তি দেয় এবং পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি খুবই উপযোগী।
স্থানীয় বাসিন্দা আয়েশা খাতুন বললেন, আগে কেবল স্থানীয় লোকজন আসলেও এখন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসছেন। বদরতলা এলাকার স্কুলছাত্রী মারিয়া তার অভিজ্ঞতায় তুলে ধরে যে রাস্তার দুই পাশের গাছ আর পানির দৃশ্য তার খুব ভালো লাগে এবং এখানে এসে ছবি তুলতেও সে পছন্দ করে।
তবে নান্দনিক এই সৌন্দর্যের আড়ালে সড়কের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। বাসিন্দাদের দাবি অনুযায়ী রাস্তার দুই পাশের ঘেরের পানি অনেক জায়গায় সড়কের একেবারে গা ঘেঁষে থাকায় মাটি ধসে পড়ছে। এতে একদিকে যেমন মূল সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে বাবলা গাছগুলোও হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বদরতলা-ব্যাংদহা সড়কের এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মাটি সংরক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এটি সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। সব মিলিয়ে বেড়িবাঁধের ঘের আর শান্ত প্রকৃতির মিশেলে এই সড়কটি এখন ভ্রমণপিপাসুদের কাছে এক টুকরো প্রশান্তির নাম।



