আগামীর সময়

ঘিওরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-সতীন আটক

ঘিওরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-সতীন আটক

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সাইফুল ইসলাম ও সতীন সাবিনার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড় পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। নিহত সখিনা বেগম সাইফুল ইসলাম দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এর জেরে সোমবার রাতে সখিনার ওপর অমানবিক নির্যাতন চালায় সাইফুল ও তার নববিবাহিত স্ত্রী সাবিনা। নির্যাতনের একপর্যায়ে সখিনার মাথার চুল কেটে দেওয়া হয়। পরদিন সকালে পানি চাইলে সখিনাকে বিষ মেশানো শরবত পান করায় অভিযুক্তরা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহতের মেয়ে জুথী আক্তার অভিযোগ করে বলেন, শরবতের সঙ্গে বিষ মিশিয়ে আমার মাকে খাইয়েছে। ওই শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই হাসপাতালে নেওয়ার পথে আমার মা মারা যায়। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ঘটনার পরপরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করেছে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।

    শেয়ার করুন: