আগামীর সময়

মাদারীপুরে জাল টাকাসহ যুবক আটক

মাদারীপুরে জাল টাকাসহ যুবক আটক

ছবিঃ আগামীর সময়

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয় থেকে রবিবার (২২মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃত আজিজুল বেপারী (২৩) উপজেলার উত্তর রমজানপুর এলাকার নাসির বেপারীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতকাল রাতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর রমজানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবস্থানরত আজিজুল বেপারী নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তার কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য মতে, অভিযানের সময় আটক ব্যক্তির প্যান্টের সামনের পকেট থেকে ৫১ পিস ৫০০ টাকার নতুন জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে আরও ১৬২ পিস ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ২১৩ পিস ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(এ)(বি) ধারায় রুজু করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশ আরও জানায়, জাল টাকা সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    শেয়ার করুন: