তেলবাহী ট্রেন উদ্ধারে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেন
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধারে গিয়ে ছিটকে পড়েছে রিলিফ ট্রেনও। বন্ধ হয়ে গেছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল।
আমনুরা স্টেশনে ভোরে লাইনচ্যুত হয় খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনটি। স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে চারটি লাইনচ্যুত হয়।
সেটি উদ্ধারে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে পাঠানো হয় রিলিফ ট্রেন। স্টেশনে পৌঁছে লাইনচ্যুত হয় সেটিও। জোড়া দুর্ঘটনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে ভোর থেকে।
স্টেশন মাস্টার হাসিবুল বলেন, ‛রিলিফ ট্রেনটি পরে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন তেলবাহী ট্রেন উদ্ধারে কাজ চলছে... রেললাইন মেরামত ও ট্রেনটি সরিয়ে নেয়ার পর দ্রুত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

